জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, জঙ্গিবাদ, মাদক ও অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের দায়িত্বশীল হতে হবে। স্ব-স্ব অবস্থান থেকে তাদের দায়িত্ব পালন করতে হবে। মঙ্গলবার সাঘাটা থানা কমিউিনিটি পুলিশিং কমিটি আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পুলিশিং কমিটি পুলিশের সহায়ক শক্তি, তাই কমিউনিটি পুলিশিং কমিটিকে আরো বেগবান করতে হবে। তিনি বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে জাতির জনক বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়ে এদেশ স্বাধীন করে মদ-জুয়া নিষিদ্ধ করেছিলেন। জিয়াউর রহমান ক্ষমতায় থেকে মদের কারখানা চালু করেছে, আর খালেদা জিয়া ক্ষমতায় গিয়ে মদের লাইসেন্স দিয়েছে। আর আওয়ামী লীগের কথা বলা হয় এরা মুসলমান নয়। বিএনপি-জামায়াতের প্রতি ইঙ্গিত দিয়ে বলেন, তাহলে আপনারাই বলুন মুসলমান কারা ?
গাইবান্ধা জেলা পুলিশসুপার মাশরুক রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাঘাটা থানা পুলিশিং কমিটির সভাপতি আব্দুল মান্নান মন্ডল, সাধারণ সম্পাদক নাজমূল হুদা দুদু, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন,সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট, কচুয়া ইউপি চেয়ারম্যান মাহবুর রহমান, সাঘাটা প্রেসক্লাব সভাপতি জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক আবুতাহের, মুক্তিযোদ্ধা জাবেদ আলী, শিক্ষক জোবাইদুর রহমান প্রমুখ।
ইত্তেফাক/জামান