দশদিনের মধ্যে মহাসড়ক সংস্কার শেষ করা হবে : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদুল আযহা সামনে রেখে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে সকল মহাসড়কের সংস্কার কাজ শেষ করা হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাধ্য হব। ঈদের আগে ও পরে মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

গতকাল বুধবার ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-বগুড়া মহাসড়ক পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। টাঙ্গাইল শহরের বাইপাসের রাবনায় সাংবাদিকদের তিনি বলেন, জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত চার লেনের কাজ দ্রুত এগিয়ে চলছে। আশা করা হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে নবম ওয়েজ বোর্ডের চেয়ারম্যান নিয়োগসহ ৮০ ভাগ কার্যক্রম শেষ হয়েছে। নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তিনি তথ্যমন্ত্রীকে এ বিষয়ে নিদের্শনাও দিয়েছেন। সাংবাদিক সংগঠনগুলোও এ ব্যাপারে ঐক্যবদ্ধ আছে। শুধু মালিকপক্ষকে পাওয়া যাচ্ছে না। মালিকপক্ষ এগিয়ে এলেই আলাপ-আলোচনার মাধ্যমে নবম ওয়েজ বোর্ড ঘোষণা করা হবে। অর্থমন্ত্রীর বক্তব্যে ওয়েজ বোর্ড বাস্তবায়নের পথ বন্ধ হয়নি।

সিরাজগঞ্জে সওজ’র নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালকে প্রত্যাহারের নির্দেশ

এদিকে, উল্লাপাড়ার হাটিকুমরুলে ক্ষতিগ্রস্ত ঢাকা-বগুড়া মহাসড়ক পরিদর্শনকালে ওবায়দুল কাদের বলেছেন, আগামী ১০ দিনের মধ্যে ঢাকা-বগুড়া মহাসড়কের সংস্কার কাজ শেষ করা হবে। এ বছর  প্রবল বৃষ্টিপাত ও নলকা সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় এ পথে চলাচল করতে যাত্রীদের চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। এসময় তিনি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়িত্বে অবহেলায় ক্ষোভ প্রকাশ করেন। ওবায়দুল কাদের সওজ’র সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। সওজ রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রকৌশলী আবু রওশনকে কারণ দর্শানোর নির্দেশ দেন। সড়ক ও জনপথ পাবনার নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দারকে সাময়িকভাবে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়িত্ব প্রদান করেন।

ইত্তেফাক/নূহু