গাজীপুরে কবর থেকে ১৮টি কঙ্কাল চুরি

 
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের বেনুপুর-আশাপুর কবরস্থান থেকে এক রাতে ১৮টি কঙ্কাল চুরি হয়েছে। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী সূত্রে জানাযায়, উপজেলার বেনুপুর ও আশাপুর এলাকার লোকজন মিলে অর্ধশত বছর পূর্বে ওই কবরস্থানটি নির্মাণ করেন। দীর্ঘদিন যাবৎ উপজেলার বেনুপুর ও আশাপুরসহ বিভিন্ন এলাকার মৃত ব্যক্তিকে ওই কবরস্থানে দাফন করা হচ্ছে। বুধবার গভীর রাতে অজ্ঞাত চোরেরা মাটি খুঁড়ে কবর থেকে ১৮টি কঙ্কাল চুরি করে নিয়ে যায়। কবরস্থানের খাদেম আব্দুল করিম বৃহস্পতিবার সকালে কবরস্থান পরিচর্যা করতে গেলে কঙ্কাল চুরির বিষয়টি দেখতে পেয়ে এলাকাবাসীকে  খবর দেন।
 
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোতালেব মিয়া কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই জঘন্য ও দুঃখজনক। তদন্ত সাপেক্ষে এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ