লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই, ৬০ লাখ টাকার ক্ষতি

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর লরেন্স খাসেরহাট বাজারে অগ্নিকাণ্ডে মালামালসহ ৮টি দোকান ঘর পুড়ে চাই হয়ে গেছে। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবী করা হয়েছে। 
 
বৃহস্পতিবার ভোরে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।খবর পেয়ে লক্ষ্মীপুর ও রামগতি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।কমলগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
 
চর লরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন জানান, ভোররাতে বাজারের দোকানঘর আগুনে পুড়তে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়। খবর পেয়ে  ফায়ার সার্ভিস দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডে জিল্লালের তেলের দোকান, সিরাজের মুদি দোকান, নিজামের প্লাস্টিক ও কোকারিজ দোকান, ইব্রাহিমের মোটর সাইকেল মেরামতের দোকান, বাবুলের ফার্মেসী ও ফারুক আল মাদানী ফাউন্ডেশনের অফিস কক্ষসহ ৮টি দোকানের মালামালসহ পুড়ে যায়। 
 
রামগতি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মহিউদ্দিন বলেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে ব্যবসায়ীদের প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। 
 
ইত্তেফাক/রেজা