খুলনায় ভগ্নীপতির ধারালো কুড়ালের কোপে শ্যালক কালু খাঁ (৩৭) খুন হয়েছেন। গত বুধবার রাতে তেরখাদা উপজেলার কুশলা আদর্শ গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, তেরখাদা উপজেলার কুশলা আদর্শ গ্রামের লুৎফর রহমান খাঁর ছেলে আমিনুর রহমান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। কাঠ মিস্ত্রির কাজ করলেও সে সংসারের প্রতি সে ছিল উদাসীন। তার স্ত্রী হেলেনা বেগম স্বামী আমিনুরকে সংসারের জন্য হাট-বাজার করতে বললে সে তাকে মারধর করত। গত মঙ্গলবার বাজার করতে বলায় আমিনুর তার স্ত্রী হেলেনাকে বেদম প্রহার করে। এতে স্ত্রী অভিমান করে একই গ্রামে তার ভাই কালু খাঁর বাড়িতে চলে যায়।
গত বুধবার রাত সোয়া ১২টার দিকে আমিনুর তার স্ত্রীকে আনতে কালুর বাড়িতে গেলে শ্যালক কালুর সঙ্গে তার তীব্র বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে আমিনুর ধারালো কুড়াল দিয়ে শ্যালক কালু খাঁকে এলোপাতাড়িভাবে কুপিয়ে আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। নিহত কালু কুশলা আদর্শ গ্রামের মৃত ইদ্রিস আলী খাঁর ছেলে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, হত্যাকাণ্ডের পর থেকে ঘাতক ভগ্নীপতি আমিনুর রহমান পলাতক রয়েছেন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে মামলার প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।
ইত্তেফাক/সাব্বির