বাবুগঞ্জে টানা বর্ষণে ব্রিজ ভেঙ্গে যাওয়ায় দুর্ভোগে মানুষ

বরিশালের বাবুগঞ্জে গত কয়েক সপ্তাহের টানা বর্ষণ ও জোয়ারের পানির তোরে বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নের নতুন চর ভূতেরদিয়া গ্রামের হাতেম আলী হাওলাদারের বাড়ীর নিকটের ব্রিজটি সম্পূর্ণ ভেঙ্গে গেছে। এতে ঐ এলাকার স্কুল কলেজগামী শিক্ষার্থী ও জন সাধারণের চলাচলের দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
 
সরেজমিনে গিয়ে দেখা গেছে, পক্ষকাল ব্যাপী টানা বর্ষণ ও জোয়ারের পানির বৃদ্ধির কারণে প্রচণ্ড স্রোতের ফলে ব্রিজটির গাইড ওয়ালগুলো অপেক্ষাকৃত দুর্বল হয়ে যাওয়ায় ব্রিজটি ভেঙ্গে পরে। এ অবস্থায় স্থানীয়রা যাতায়াতের জন্য খালের উপর গাছের গুড়ি ফেলে শিক্ষার্থী সহ সহস্রাধিক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। ব্রিজটির ৩০০ গজ দূরত্বে মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও সাইক্লোন শেল্টার অবস্থিত। তাই অতি দ্রুত ব্রিজটি নির্মাণ করে জন সাধারণ ও শিক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা সুগম করার লক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে এলাকা বাসি।
 
এলজিইডি’র নিয়ন্ত্রণাধীন এ ব্রিজটির বিষয়ে উপজেলা প্রকৌশলী তুহিন সরকার জানান, এ বিষয়ে এখনও কোন তথ্য আমি পাইনি, খোঁজ নিয়ে এলজিইডির হলে ব্যবস্থা নেওয়া হবে।
 
কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরে আলম বেপারী বলেন, ব্রিজটি এলজিইডি’র নিয়ন্ত্রণাধীন এ বিষয়ে উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে। 
 
ইত্তেফাক/রেজা