চট্টগ্রামে বাংলাদেশ দলের প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ লাল ও সবুজ দলের মধ্যেকার তিনদিনের ম্যাচটি ড্র হয়েছে।
শুক্রবার প্রবল বৃষ্টির তোড়ে মাঠেই নামতে পারেননি ক্রিকেটাররা। বেলা ১টায় দুই আম্পায়ার আনুষ্ঠানিকভাবে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। তবে গতকাল ক্রিকেট খেলতে না পারলেও ফুটবল খেলে ঘাম ঝড়িয়েছেন ক্রিকেটাররা। বৃষ্টি বন্ধ হওয়ার পর দুপুর ২টা ১০ মিনিটে খেলা শুরু হয়। প্রতি টিমে নয়জন করে ১৮ ক্রিকেটার দুই দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেন। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পূর্ব গ্যালারির সামনের অংশে এই অনুশীলন চলে ৭০ মিনিট ধরে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজকে সামনে রেখে সাতদিনের কন্ডিশনিং ক্যাম্পের অংশ নিতে গত ৪ আগস্ট চট্টগ্রামে আসে বাংলাদেশ দল। ৫ থেকে ৭ আগস্ট পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় অনুশীলন। ৮ আগস্ট একদিন বিশ্রামের পর ৯ আগস্ট থেকে শুরু হয় তিনদিনের প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ দলের খেলোয়াড়রা দুইভাবে বিভক্ত হয়ে খেলায় অংশ নেন। মুশফিকের নেতৃত্বে বাংলাদেশ লাল দল প্রথমে ব্যাটিং করে ১৪০ রানে ইনিংস ঘোষণা করে। জবাবে তামিমের সবুজ দল করে ২৮৩ রান। প্রথম ইনিংসে ১৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে মুশফিকের দল। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ছিল ১ উইকেটে ২৪ রান। ফলে ১১৯ রানে পিছিয়ে ছিল মুশফিকরা।
সংক্ষিপ্ত স্কোর:
প্রথম ইনিংস
বাংলাদেশ লাল দল: ১৪০/৯ (৪৭.১ ওভার): নাজমুল হোসেন শান্ত ৫৩, মুশফিক ৩০, তাইজুল ২৬। বোলিং: শফিউল ৫/১৭, মুস্তাফিজ, সঞ্জিত, তাসকিন ও সানজামুল ১টি করে উইকেট।
বাংলাদেশ সবুজ দল: ২৮৩/১০ (৭৮.৩ ওভার): মোমিনুল ৭৩, নাসির হোসেন ৬২, তানভীর ৫১, তামিম ২৯, সানজামুল ২২, সাব্বির ১০, শফিউল ১০। বোলিং: রুবেল ৩/৫৪, সাকলায়েন সজীব ৩/৬৪, তাইজুল ২/৮০, নাঈম হাসান ১/২৩।
দ্বিতীয় ইনিংস
বাংলাদেশ লাল দল: ২৪/১ (৫ ওভার): ইমরুল কায়েস ৮, সৌম্য সরকার (অপরাজিত) ৯, নাজমুল হোসেন শান্ত (অপরাজিত) ৭। বোলিং: মুস্তাফিজুর ১/১২।
ইত্তেফাক/রেজা