রামুতে বাস খাদে পড়ে নিহত ১, আহত ২০

 
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবার বাগান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক বাসযাত্রী নিহত হয়েছে। এতে আরও অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার ভোর ৬টায় এ দুর্ঘটনা ঘটে।
 
জানা গেছে, কক্সবাজারমুখী সৌদিয়া পরিবহনের একটি বাস রাবার বাগান মোড়ে পৌঁছার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
 
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাজেদ আল হাসান জানিয়েছেন, এ দুর্ঘটনায় গুরুতর আহত ইয়াহিয়া, ফরহাদ, রাজেশ বড়ুয়া ও ফখরুলকে রামু হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে ইয়াহিয়া ও ফরহাদকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।
 
স্থানীয়রা জানিয়েছেন, কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে ইয়াহিয়া প্রাণ হারান। এছাড়া উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত ফরহাদকে সকালেই চট্টগ্রাম নিয়ে যাওযা হয়েছে। ঘটনার পর রামু থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনায় বাসটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রামু থানার ওসি লিয়াকত আলী খান এ ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান