রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে পাহাড় ধস, ভারী যান চলাচল বন্ধ

 
টানা ভারী বর্ষায় রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের ঘাগড়ায় আবারো পাহাড় ধসে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার দুপুরে ঘাগড়ার চম্পাতলী এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে।
 
পাহাড় ধসের কয়েক ঘণ্টা পর যান চলাচল বন্ধ থাকার পর স্থানীয় লোকজন রাস্তা থেকে মাটি সরিয়ে নিলে হালকা যানবাহন চলাচল শুরু হয়। রাঙ্গামাটি সড়ক জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. মুছা জানান, ভারী বৃষ্টির কারণে কিছু স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে ভারী যান চলাচল বন্ধ হয়ে যায়।
 
রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী জানান, সকাল থেকে ভারী বর্ষণের ফলে রাঙ্গামাটির পাহাড় গুলো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিকাল সাড়ে ৪টায় থেকে রাঙ্গামাটি শহরে মাইকিং শুরু করা হয়েছে।
 
তবে শুক্রবার রাত ৯টায় এ রির্পোট লেখার সময় রাঙ্গামাটি জেলা শহর, কাউখালী, কাপ্তাইসহ আশে পাশের এলাকাগুলোতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বেলা একটা থেকে নেই বিদ্যুৎ।
 
ইত্তেফাক/জামান