পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম বলেছেন, ১৫ আগস্টের হত্যাযজ্ঞ থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে। যারা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে চান তারা ধানমন্ডির ৩২ নম্বরে যাবেন। কি নির্মমভাবে জাতীর পিতাকে ওরা খুন করেছিল সে ইতিহাস সেখানে লিপিবদ্ধ আছে।
শুক্রবার বাদ আসর বাঘার মনিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সঞ্চালনা ও সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত শোক সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, 'জাতীর পিতা ৩৪ বছর বয়সে এই দেশকে স্বাধীন করার জন্য পাকিস্তানের মন্ত্রীসভা থেকে ইস্তফা দিয়ে ছিলেন। তিনি যদি নিজের স্বার্থকে বড় করে দেখতেন তাহলে ওই বয়সে তার নেতৃত্ব ত্যাগ করার কথা নয়। তিনি যা করেছেন তা এ দেশের মানুষের মুখে হাসি ফোটাতে করেছেন।'
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষক বাবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, আওয়ামী লীগ নেতা আব্দুল গনি , মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম, রাজশাহী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা খাতুন লতা-সহ সকল অঙ্গ সংগঠনের সভাপতি সম্পাদক।
ইত্তেফাক/জামান