আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাইকেল ফকির (৩০) নামে এক যুবক নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে রাজনগর ইউনিয়নের মালতকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাইকেল ফকির রাজনগর ইউনিয়নের মালতকান্দি গ্রামের আমিন ফকিরের ছেলে।
নড়িয়া থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনগর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান ইউপি চেয়ারম্যান গাজী মোঃ জাকির এবং রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য দাদন মালতের মধ্যে দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। গতকাল সন্ধ্যার পর দাদন মালতের এক সমর্থকের সঙ্গে জাকির গাজীর সমর্থকদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত আটটার দিকে উভয়পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বোমার আঘাতে দাদন মালতের সমর্থক মাইকেল ফকির ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া উভয়পক্ষের অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়ে ও বোমার আঘাতে আহত হয়েছে।
নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম উদ্দিন বলেন, ‘দুই গ্রুপের সংঘর্ষে মাইকেল নামের একজন মারা গেছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
ইত্তেফাক/এমআর