জীবননগরে আড়াই কেজি স্বর্ণের গয়না উদ্ধার

জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের উথলী মোল্লাবাড়িতে একটি পাখিভ্যান আটক করে আড়াই কেজি স্বর্ণের গহনা উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে ভ্যানচালক সেন্টু মিয়াকে। শনিবার দর্শনা ও নিমতলা ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে এ স্বর্ণের গয়না আটক করে।
 
বিজিবি সূত্র জানায়, বড় ধরণের স্বর্ণের একটি চালান পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে কড়া পাহারা শুরু করে বিজিবি। শনিবার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলার মোল্লাবাড়ি অতিক্রম করার সময়  চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর লুৎফুল কবীরের তত্ত্বাবধানে ও নায়েব সুবেদার তোতা মিয়ার নেতৃত্বে দর্শনা এবং নিমতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে একটি পাখিভ্যান আটক করে তাতে তল্লাসি করে। এ সময় ভ্যানের নিচে কৌশলে ৩টি কৌটার মধ্যে লুকিয়ে রাখা ২ কেজি ৪শ গ্রাম স্বর্ণের গয়না উদ্ধারসহ ভ্যানচালক দামুড়হুদা উপজেলার পারকেষ্টপুর গ্রামের মজনুর রহমানের ছেলে সেন্টু মিয়াকে আটক করে।
 
আটক ভ্যানচালক সেন্টু জানায়, দামুড়হুদা বাসস্ট্যান্ড থেকে ২ জন তরুণ তার সাথে ৫০০ টাকার চুক্তিতে তাদের পাখিভ্যানটি জীবননগরে পৌঁছে দেওয়ার কথা বলে। চুক্তি মোতাবেক ওই পাখিভ্যানটি নিয়ে জীবননগরে আসলে বিজিবি তা আটক করে এবং স্বর্ণের গয়না উদ্ধার করে। ওই তরুণদের সে চিনেনা বলে জানায়। চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর লুৎফুল কবীর পাচারকালে স্বর্ণের গয়না আটকের সত্যতা  নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এমআর