বিপৎসীমার ২৫ সেন্টিমিটার উপরে তিস্তার পানি

 
চারদিনের টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে তিস্তা নদীতে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
 
লালমনিরহাটের পাঁচটি উপজেলায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। তিস্তা পাড়ের ইউনিয়নগুলোর অধিকাংশ এলাকায় বন্যার পানি ঢুকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গরু, ছাগল, হাঁস-মুরগি নিয়ে বিপাকে পড়েছেন লোকজন। এসব এলাকায় মানুষের শুকনা খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
 
লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত তিস্তা নদীর উপর থাকা তিস্তা ব্যারেজের উজানে ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে পানিপ্রবাহ পরিমাপ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী (পানি পরিমাপক) প্রকৌশলী আমিনুর রশীদ। পানি আরো বাড়তে পারে বলে তিনি জানিয়েছেন।
 
এদিকে তিস্তা ব্যারেজ নিয়ন্ত্রণে রাখতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ সব গেট (জল কপাট) খুলে দিয়েছে বলে প্রকৌশলী আমিনুর রশীদ নিশ্চিত করেছেন। তবে তিস্তার পানির গতিপ্রবাহ জানতে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে তিনি জানান। এলাকায় পাঠানো হয়েছে। ত্রাণ বিতরণের প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/জামান