লাঞ্ছনার প্রতিবাদে রামেক-এ নার্সদের কর্মবিরতি

 
রোগীর স্বজনদের হাতে লাঞ্ছনার প্রতিবাদে শনিবার সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আড়াই ঘণ্টা কর্মবিরতি পালন করছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নার্স'রা।
 
নার্সদের সুপারভাইজার ফ্লোরা জানান, শুক্রবার হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে রোগীর স্বজনদের হাতে একজন সিনিয়র নার্স লাঞ্ছিত হন। এর প্রতিবাদে নার্সরা সকাল ৯টা থেকে কর্মবিরতি পালন শুরু করেন এবং প্রতিবাদ জানাতে থাকেন।
 
এদিকে নার্সরা কর্মবিরতি যাওয়ায় সকাল থেকে চিকিৎসাসেবা অনেকটাই ব্যাহত হচ্ছে। কারণ রোগীকে ইনজেকশন দেয়া থেকে শুরু করে রোগীকে নার্সদের নানা ধরনের সেবা দিতে হয়। কিন্তু ধর্মঘটের কারণে এসব কাজ করতে দেখা যায় শিক্ষানবিশ নার্স এবং ইন্টার্ন চিকিৎসকদের।
 
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলাম জানান, নার্সরা মৌখিক অভিযোগ করেছেন। আমি রাজশাহীর বাইরে অবস্থান করছি। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/জামান