সুন্দরবন থেকে পাচারকালে ছয় লাখ টাকার সুন্দরী কাঠ জব্দ করেছে বনবিভাগ। শুক্রবার রাত তিনটার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বলেশ্বর নদীর কালিয়ার খাল থেকে ওই কাঠ জব্দ করা হয়।
জ্ঞানপাড়া টহল ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান জানান, গোপন সংবাদ পেয়ে তারা বলেশ্বর নদীর মোহনায় অবস্থান নেন। রাত তিনটার দিকে ইঞ্জিন চালিত একটি ট্রলার আসতে দেখে তারা চ্যালেঞ্জ করেন। এসময় কাঠ চোরাকারবারিরা দ্রুত ট্রলার চালিয়ে পাথরঘাটার কাছাকাছি কালিয়ার খালে ভিড়িয়ে ট্রলারে থাকা লোকজন পালিয়ে যায়। পরে ট্রলারটি জব্দ করে ফাঁড়িতে নেওয়া হয়। ট্রলার থেকে বিশাল আকারের ৯৪ পিচ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ উদ্ধার করা হয়েছে। যার বর্তমান মূল্য প্রায় ছয়লাখ টাকা।
ইত্তেফাক/জামান