মানিকগঞ্জে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা

 
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় আবদুর রশিদ মোল্লা (৫৬) নামে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে পুলিশ উপজেলার চালা ইউনিয়নের রসুলপুর গ্রামে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে।
 
শনিবার সকাল আটটার দিকে ঘরের ভেতর গলায় গামছা পেছানো অবস্থায় রশিদের লাশ পড়ে থাকতে দেখেন কয়েকজন প্রতিবেশী। খবর পেয়ে সকাল ১০ টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।
 
হরিরামপুর থানার ওসি মো. লুৎফর রহমান বলেন, ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিক জানা যায়নি। এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/জামান