মিরপুরে বাড়িতে অগ্নিকাণ্ডে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

কুষ্টিয়ার মিরপুরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত হয়েছে।

শুক্রবার গভীর রাতে উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামের মৃত মসলেম মণ্ডলের ছেলে মহিবুল ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময়ে বাড়ির রান্নাঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

জানা যায়, রান্না ঘরে থাকা গ্যাসে আগুন ধরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে দু’টি আধাপাকা ঘর, রান্না ও গোয়াল ঘরসহ নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, ফ্রিজ, টিভি ভস্মিভূত হয়। এছাড়া ৩টি বড় ষাঁড় আগুনে পুড়ে দগ্ধ হয়। পরে মিরপুর ফায়ার সার্ভিস অফিস ও স্থানীয় জনগণের সহায়তা আগুন নিয়ন্ত্রণে আনে।

মিরপুর ফায়ার সার্ভিস এন্ড সির্ভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার নূরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত ঘটে।

শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে সরকারি সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এ সময়ে তার সাথে ছিলেন চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল।

এছাড়াও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা জামায়াতের আমির আব্দুল গফুর ঘটনাস্থল পরিদর্শন করে সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন।

ইত্তেফাক/নূহু