বন্যা : ঠাকুরগাঁও-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল বন্ধ

টানা বর্ষণে ঠাকুরগাঁওয়ে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। 
 
জেলার পীরগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামে বন্যার পানির আতংকে রেহেনা পারভীন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। জেলার ৬৫টি আশ্রয় কেন্দ্রে ১২ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। সম্বল হারানো মানুষ ভুগছে বিশুদ্ধ পানি, স্যানিটেশন ব্যবস্থা ও খাবার সংকটে।  
 
এদিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় রেলপথের নয়ন ব্রিজ এলাকায় ২ কিলোমিটার রেলপথ ডুবে যাওয়ায় ঠাকুরগাঁও-পঞ্চগড় রুটে থেকে ট্রেন চলাচল দুই দিন থেকে বন্ধ রয়েছে। 
 
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, জেলার টাঙ্গন নদীতে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ছোটবড় ১১টি নদীতে পানি বাড়ছে।
 
কৃষি বিভাগ জানায়, জেলায় ৩ হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। এ পর্যন্ত ২১৯ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
 
জেলা ত্রাণ ও পূর্নবাসন অফিসের তথ্য মতে, জেলার ৫টি উপজেলায় ৪০টি ইউনিয়নের কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এ অবস্থায় ৪০ মে. টন চাল ও নগদ দেড় লাখ টাকা বিতরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি