পানি কমে গেছে, আখাউড়া স্থলবন্দরে কার্যক্রম শুরু

 
ভারত থেকে নেমে আসা উজানের পানি কমে যাওয়ায় আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। যাত্রী পারাপারও স্বাভাবিক রয়েছে। তবে, নিম্নাঞ্চলের পরিবারগুলো এখনো পানিবন্দী।
 
জানা গেছে, উপজেলার ২৭টি গ্রাম পানির নিচে নিমজ্জিত হয়ে পড়া গ্রামগুলো থেকে পানি নামতে শুরু করেছে। দুর্ভোগে পড়া হাজার হাজার মানুষের ভোগান্তিও কমে আসছে। পানিবন্দী হয়ে পড়া মানুষের মাঝে দ্বিতীয়দিনের মতো এক হাজার ২৫০ প্যাকেট শুকনো খাবার ও চার টন চাল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান।
 
এদিকে কয়েকদিনের ভারি বর্ষণ ও ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলের পানিতে আখাউড়া স্থলবন্দরের শুল্ক অফিস, ইমিগ্রেশন অফিস, বিজিবি কোম্পানি সদরসহ আমদানি-রফতানিকারকদের অফিস পানিবন্দী হয়ে পড়েছিল। বন্ধ ছিল আমদানি-রফতানি কার্যক্রম। ঢাকা-আগরতলা সড়কের বঙ্গেরচর এলাকায় প্রায় এক কিলোমিটার সড়ক পানির নিমজ্জিত ছিল। পানি কমে যাওয়ায় একদিন বন্ধ থাকার পর আবার আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
 
আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল বলেন, আমাদের অফিস ও রাস্তা পানি উঠায় একদিন বন্ধ থাকার পর আবার আমদানি-রফতানি শুরু হয়েছে।
 
ইত্তেফাক/জামান