রাজধানীর উত্তরখানে তালিকাভুক্ত সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফকে অস্ত্রসহ গ্রেফফতার করেছে উত্তরখান পুলিশ। তাকে গ্রেফতারের সময় ৩ পুলিশ আহত হয়েছে। গতকাল রবিবার বেলা দেড়টার দিকে উত্তরখান বাজার রোডে এ ঘটনা ঘটে।
এ সময় তাদের কাছ থেকে একটি ছুরি ও একটি পিস্তল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম জানতে পারে সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফ তার সঙ্গীদের নিয়ে আড্ডা দিচ্ছে। এসআই আলমগীর কবিরের নেতৃত্বে তাকে গ্রেফতার করার জন্য দুপুর ১টার দিকে অভিযান চালানো হয়। আলতাফ পুলিশের এসআই আলমগীর করিকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। অন্য পুলিশ সদস্যরা আলমগীরকে জাপটে ধরে। তখন পুলিশের সঙ্গে ঠোঁটকাটা আলতাফের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ ধস্তাধস্তির সময় চোখে আঘাত লাগে কনস্টেবল আব্দুল মজিদের। এছাড়া আঘাতপ্রাপ্ত হন কনস্টেবল নজরুল ইসলাম।
এস. আই. আলমগীর কবির রাজারবাগ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কনস্টেবল আব্দুল মজিদকে চক্ষু হাসপাতালে ও কনস্টেবল নজরুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
ইত্তেফাক/নূহু