ডোমারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নীলফামারীর ডোমার উপজেলায় পৃথক দু’টি স্থানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার হরিণচড়া ইউনিয়নের আঠিয়াবাড়ি গ্রামে শিলা আক্তার (২) ও একই সময় ভোগডাবুড়ি ইউনিয়নের পূর্বখানকা পাড়া এলাকায় সাদিক হোসেন (৪) নামে শিশু দু’টির মৃত্যু ঘটে। শিলা আক্তার ওই এলাকার শরিফ হোসেনের মেয়ে ও সাদিক ওই এলাকার আজিজুল ইসলামের ছেলে।
 
হরিণচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান, রবিবার বিকাল ৪টার দিকে শিলা খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। সাথে সাথে পুকুর হতে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
 
ভোগডাবুড়ি ইউপি চেয়ারম্যান মো. একরামুল হক জানান, সাদিককে দুপুর থেকে কোথাও খুঁঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পার্শ্ববর্তী পুকুর হতে তার লাশ উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/এমআই