পাহাড়ি ঢল ও অব্যাহত বৃষ্টির ফলে সিলেটে নদ-নদীর পানি বেড়েই চলছে। সুরমার পানি বৃদ্ধি পেয়ে সিলেটের প্রধান ব্যবসা কেন্দ্র কালিঘাটে পানি উঠেছে। ফলে ব্যবসায়ীরা মালামাল নিয়ে বিপাকে পড়েছেন।
এদিকে সুনামগঞ্জে সুরমার পানি বৃদ্ধি পেয়ে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। ১১ উপজেলার চারদিকে এখন থৈ-থৈ পানি। সকালে সুনামগঞ্জ শহরের নিকট সুরমা বিপৎসীমার ৯৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। শহরের বিভিন্ন এলকায় বন্যার পানি উঠেছে। জেলা প্রশাসন সব কটি উপজেলায় বন্যা সম্পর্কে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠেছে। ফলে পাঠদান ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, দুপুরে সিলেট শহরের নিকট সুরমা নদীর পানি বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার, কানাইঘাটে ৯৭ সেন্টিমিটার ও সুনামগঞ্জে বিকালে সুরমার পানি বৃদ্ধি পেয়ে ৯৪ সেন্টিমিটার এবং শেওলায় কুশিয়ারা ৮০ সেন্টিমিটর উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জে গত এক সপ্তাহ ধরে মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে। ভারি বর্ষণের সঙ্গে উজানের পাহাড়ি ঢলে জেলার প্রায় ১১টি উপজেলার নিম্নাঞ্চলসহ নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। জেলার ৮ টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে। জেলা সদরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজারসহ সবকটি উপজেলার।
ইত্তেফাক/ইউবি