শতাধিক নারীর ছবি ও পর্ণ ভিডিওসহ গ্রেফতার ২

শতাধিক নারীর প্রায় ১৫ হাজার ছবি ও বিপুল সংখ্যক পর্ণ ভিডিওসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারকৃতরা হলেন- আলামিন শেখ ওরফে সবুজ (২৬) ও শাহাদাত হোসেন মধু (২৫)।
 
বার্তা আদান-প্রদানের অ্যাপস ইমো ব্যবহার করে নারীদের ব্যক্তিগত তথ্য গ্রেফতারকৃতরা সংগ্রহ করে প্রতারণা করছিল বলে জানিয়েছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ। সোমবার বিকালে রাজধানীর কারওয়ান বাজারের র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 
র‌্যাব কর্মকর্তা তুহিন মোহাম্মদ মাসুদ আরো বলেন, নিদিষ্ট তথ্যের ভিত্তিতে রবিবার ঢাকা মেডিকেল কলেজ এলাকা থেকে সবুজকে গ্রেফতার করে র‌্যাব। তার দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার গোপালগঞ্জের মকসুদপুরের সোর্দি গ্রাম থেকে শাহাদাতকে গ্রেফতার করা হয়। শাহাদাতের হেফাজত থেকে বিপুল পরিমাণ পর্ণ ভিডিও, শতাধিক নারীর প্রায় ১৫ হাজার ব্যক্তিগত ছবিসহ একটি ল্যাপটপ, একটি কম্পিটার এবং নয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
 
তুহিন মোহাম্মদ মাসুদ আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা অপরাধের কথা স্বীকার করেছে। তারা জানায়, সাধারণ তরুণ, তরুণী, প্রবাসী এবং উচ্চবিত্ত ব্যক্তিদের তারা টার্গেট করত। গ্রেফতার হওয়া শাহাদাত দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার দিগননগর বাজারে একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করত। এই দোকানে যারাই মোবাইল সার্ভিসিং করাতে আসত তাদেরই মোবাইল থেকে ব্যক্তিগত তথ্য, ছবি ও ইমো অ্যাকাউন্ট হাতিয়ে নিত মধু। এরপর সেগুলো দিত বন্ধু আলামিনকে। আলামিন কৌশলে ওই সব ইমো অ্যাকাউন্ট থেকে অন্য ইমো অ্যাকাউন্ট হ্যাক করত। পরবর্তী সময়ে এসব ইমো  অ্যাকাউন্ট থেকে তারা গোপন-অশ্লীল ছবি ও অন্যান্য তথ্য চুরি করে নিয়ে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করত। নারীদের জিম্মি করে তারা দৈহিক সম্পর্কও গড়ে। একাধিক নারীর অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এই চক্রের আরো সদস্য রয়েছে। তাদেরকেও গ্রেফতারের চেষ্টা করছে র‌্যাব।
 

ইত্তেফাক/এএম।