উলিপুরে শোক র‌্যালিতে ছাত্রলীগের দুইগ্রুপে সংঘর্ষ

কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসন আয়োজিত শোক র‌্যালিতে ছাত্রলীগের দুইগ্রুপের সংঘর্ষে ১১জন আহত হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ ও লাঠি চার্জ করে। আহতদের মধ্যে ৫জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উভয় গ্রুপে চরম উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের আশঙ্কায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 
 
উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রিতম সরকার জানান, উপজেলা সম্মেলন বাতিল করে জেলা কর্তৃক পকেট কমিটি গঠন করা নিয়ে ছাত্রলীগের মধ্যে অসন্তোষ চলে আসছিল। মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা নিয়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শোক র‌্যালিতে বর্তমান কমিটির কয়েকজন সদস্য রামদা, ক্ষুর, চাপাতিসহ তাদের উপর অতর্কিত হামলা করে। এতে তাদের পক্ষের মনিরুল ইসলাম, কৌনিক পান্ডে, নাজমুল, রাজু ও জয় আহত হয়। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে তিনি জানান।IMG0
 
ছাত্রলীগের চলমান কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, তারা তাদের সংগঠনের শোক র‌্যালি শেষে উপজেলা প্রশাসন আয়োজিত শোক র‌্যালিতে যোগ দেন। মিছিলটি উলিপুর শহরের ওকে টি স্টলের সামনের সড়কে পৌঁছলে পদ বঞ্চিত নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। এতে চাপাতি ও ক্ষুরের আঘাতে তাদের ৬ কর্মী আহত হয়। এরা হলেন- রুবেল, জাহিদ হাসান, মনজিদুল আজম রাজা, জিহাদ হোসেন, আজিজুল ইসলাম, আব্দুর রহিম। তাদেরকে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। IMG1
 
উলিপুর থানার অফিসার ইনচার্জ এস কে আব্দুল্লাহ্ আল সাইদ জানান, পূর্ব বিরোধের জের ধরে শোক মিছিলে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠি চার্জ করা হয়। শান্তি বজায় রাখতে ১ প্লাটুন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে উপয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
IMG2
 
ইত্তেফাক/এমআই