ফেদেরার সরে যাওয়ায় শীর্ষস্থান পেলেন নাদাল

সিনসিনাটি মাষ্টার্স টুর্নামেন্ট থেকে সুইজারল্যান্ডের রজার ফেদেরার নিজকে সরিয়ে নেয়ায় বিশ্ব টেনিস র‌্যাংকিং-এর শীর্ষস্থানে উঠলেন স্পেনের রাফাল নাদাল। গেল তিন বছরের মধ্যে এই প্রথমবারের র‌্যাংকিং-এ শীর্ষে উঠলেন নাদাল। 
 
রোববার রজার্স কাপের ফাইনালে চতুর্থ বাছাই জার্মানির আলেকজান্ডার জেভরেভের কাছে হেরে যাওয়া ম্যাচেই ইনজুরিতে পড়েন ফেদেরার। তবে চলতি বছর উইম্বলডন ও অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন ফেদেরার। তবে ইনজুরির কারণে তিনি সিনসিনাটি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করায় র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান দখলের সুযোগ হয় নাদালের। 
 
এ ব্যাপারে নাদাল বলেন, ‘আমার জন্য শীর্ষস্থানটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। খেলার প্রতি আমার আগ্রহ ও ভালোবাসা রয়েছে । তাই আমি আবারো এই শীর্ষে ফিরতে পেরেছি।’ 
 
২০১৪ সালের জুলাইয়ের পর আবারো শীর্ষে উঠলেন নাদাল। ৩১ বছর বয়সী নাদাল, চলতি বছর রোলা গাঁরোতে ১৫তম গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। বাসস।
 
ইত্তেফাক/রেজা