স্বাধীনতা বিরোধী, মৌলবাদী ও বিভেদসৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক প্রবাসী বাংলাদেশি তরুণদের আহ্বান জানিয়েছেন থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা তাসনিম মুনা। মঙ্গলবার থাইল্যান্ড দূতাবাস আয়োজিত জাতীয় শোক দিবস স্মরণ অনুষ্ঠানে রাষ্ট্রদূত এ কথা বলেন।
১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অকুতোভয় নেতৃত্বের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনের সংগ্রামের কথা স্মরণ করেন রাষ্ট্রদূত। তিনি বলেন, ১৯৭২-৭৫ পর্যন্ত কূটনৈতিক দক্ষতায় জাতিসংঘের সদস্যপদসহ বেশিরভাগ দেশের স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয় বাংলাদেশ। শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি লিডার সৈয়দা সাজেদা চৌধুরী।
বঙ্গবন্ধুর গৌরবান্বিত জীবন ও কর্মের স্মৃতিচারণ করে তিনি বলেন, প্রবাসীদের উচিত সবসময় জাতির পিতার মত নিজের শিকড় সম্পর্কে গর্ববোধ করা। আলোচনা অনুষ্ঠানে ব্যাংককে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানসহ বেশ কয়েকজন প্রখ্যাত বাংলাদেশি অংশগ্রহণ করেন। আলোচনার শুরুতে জাতির পিতার স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ব্যাংককে জাতীয় শোক দিবস স্মরণের অনুষ্ঠান শুরু হয় জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলনের মাধ্যমে। ১৫ আগস্ট নিহত জাতির জনক ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। রাষ্ট্রদূত সাঈদা তাসনিম মুনা, সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, দূতাবাসের কর্মকর্তা ও উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। থাইল্যান্ডের স্থানীয় স্কুলের শিক্ষার্থীরাও জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
ইত্তেফাক/সাব্বির