টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় দুই ভায়রা নিহত

 
গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় দুই ভায়রা নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতরা হলেন, নেত্রকোনার গোজিরকোনা গ্রামের সালেহ মাহমুদের ছেলে ভ্যানচালক আলাল উদ্দিন এবং একই জেলার পিপলনারী গ্রামের আরজ আলীর ছেলে নূর হোসেন। নিহতরা সম্পর্কে ভায়রা বলে জানিয়েছেন স্বজনরা।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে আলাল উদ্দিন তার ভায়রা নূর হোসেনকে সঙ্গে নিয়ে ট্রেনে চড়ে বাড়ি যাওয়ার জন্য টঙ্গী রেলওয়ে স্টেশনের উদ্দেশে রওনা হন। চেরাগ আলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হতে গেলে গাজীপুরগামী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজনই মারা যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
 
নিহতের স্বজনরা জানায়, আলাল উদ্দিন টঙ্গীর খাঁ পাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে ভ্যান চালাতেন। গত শনিবার তার বাসায় নূর হোসেন বেড়ানোর জন্য আসেন।
 
ইত্তেফাক/জামান