রাণীশংকৈলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৫

 
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে মঙ্গলবার বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভায় যোগ দিতে যাওয়ার সময় উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
 
আহতরা হলেন- ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক সাদিদ হোসেন, যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন, যুগ্ম আহ্বায়ক তারেক আজিজ, যুগ্ম আহ্বায়ক প্রসেনজিত দাস ও সাংবাদিক এস কে সুজন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়।
 
প্রত্যক্ষদর্শীদের মতে, বিকেল ৪ টার দিকে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত রাণীশংকৈল পৌর শহরের চৌরাস্তা মোড়ে জাতীয় শোক দিবস পালনে উপজেলা ছাত্রলীগের নবগঠিত ও জেলা কমিটি কর্তৃক অনুমোদিত আহ্বায়ক কমিটির সদস্য ও সমর্থকরা ব্যানার সহ সভায় যোগ দিতে যাচ্ছিলেন। এ সময় শিমুল তলার সামনে রাস্তায় কমিটির বিরোধীতাকারী ছাত্রলীগ সদস্যরা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব বসাক বুলু, নূর আলম, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তামীম হোসেন, আতিকুর রহমান টিটু, ফারুক, হেলাল ও ভক্ত বসাকের নেতৃত্বে কমিটির সদস্যদের বাধা দেয় ও হামলা চালায়।
 
এ সময় বিরোধীরা কমিটির সদস্য ও অন্যান্যদের বেধড়ক মারপিট করে ও বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার ছিনিয়ে নেয়। ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ ঘটনাস্থলে এসে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও, এ সংবাদ লেখা পর্যন্ত শহরে উভয়পক্ষে টান টান উত্তেজনা বিরাজ করছিল। অপর দিকে চৌরাস্তা মোড়ে আওয়ামী লীগের সভা চলছিল।
 
রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বলেন, 'আমরা সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে।'
 
ইত্তেফাক/জামান