জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ও প্রফেসর ডা. এহসানুল কবির জগলুলের সহযোগিতায় রায়পুরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। ১৫ আগস্ট বিকালে ‘দুঃসময়ের জন্যে রক্ত সঞ্চয় করুন’ স্লোগানে রায়পুর পৌর শহরের প্রাইম ব্যাংকের প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি দৈনিক ইত্তেফাকের রায়পুর সংবাদদাতা এম আর সুমনের রক্ত সংগ্রহের মধ্যে দিয়ে উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফ বিন জাকারিয়া, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তানভীর হায়দর চৌধুরী রিংকু ও আওয়ামী লীগ নেতা রিপন পণ্ডিত প্রমুখ। সন্ধ্যা পর্যন্ত চলমান এই কর্মসূচিতে আওয়ামী লীগ, সাংবাদিক, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অর্ধশতাধিক ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।
প্রফেসর ডা. এহসানুল কবির জগলুল বলেন, আমার এক ব্যাগ রক্ত একজন মৃত্যু পথযাত্রীর জীবন বাঁচিয়ে দেবে, এটি ভাবতেই আমার খুব ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করতে আমাদের এই কর্মসূচি।
ইত্তেফাক/এমআই