কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামে ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের মৃত টইসা মামুদের ছেলে মজিবর রহমানের সঙ্গে একই গ্রামের মৃত জাজিম উদ্দিনের ছেলে আব্দুল জলিলের চল্লিশ শতক জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছে। কিছুদিন আগে মজিবর রহমান ওই জমিতে আমন ধান রোপন করেন। আজ সকাল সাতটায় আব্দুল জলিল লোকজন নিয়ে ওই জমির দখল নিতে আসলে মজিবর রহমান বাধা দেন। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে মজিবর রহমান (৪৫), তার স্ত্রী হাসনা বেগম (৪০), ছেলে হারুন (২৮) ছেলের বউ লিপি বেগম (২৫), আব্দুল জলিল (৬৫) তার ভাই আব্দুল লতিফ(৫০) আহত হন।
পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে আব্দুল জলিল ও আব্দুল লতিফের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, দুই পক্ষকে আদালতে মামলা করার পরামর্শ দেয়া হয়েছে।
ইত্তেফাক/কেকে