নেত্রকোনায় বন্যার পানিতে ডুবে ২ জনের মৃত্যু

 
নেত্রকোনার কলমাকান্দায় বন্যার ভাসমান পানিতে ডুবে এক বৃদ্ধসহ দুই জনের মৃত্যু হয়েছে। তারা হচ্ছেন- উপজেলার চকপাড়া গ্রামের মকবুল হোসেন (১২০) ও মণ্ডলেরগাতী গ্রামের জামাল মিয়া (৫০)। মঙ্গলবার বিকালে  ঘটনা ঘটে। 
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলা সদরের চকপাড়া গ্রামের বৃদ্ধ মকবুল হোসেন  মঙ্গলবার বিকালে বাড়ি থেকে বের হয়ে কালিহালা বাজারে যাচ্ছিলেন চা খাওয়ার জন্য। পথে পা পিছলে পানিতে পড়ে মারা যান। পরে এলাকাবাসী পানি থেকে তার লাশ উদ্ধার করে। 
 
অন্যদিকে একই দিন উপজেলার মন্ডলেরগাতী গ্রামের জামাল মিয়া ধানভাঙ্গানোর মেশিন নৌকায় নিয়ে শ্বশুরবাড়ি বাঘসাত্রা থেকে স্থানীয় বাজারে যাবার পথে হাওরে পানিতে ঝুলে পড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে পানিতে পড়ে যান। এলাকাবাসী তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
কলমাকান্দা থানার ইন্সপেক্টর তদন্ত এ কে এম মিজানুর রহমান পানিতে ডুবে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/কেকে