‘তোমায় নতুন করে পাবো বলে’

 
প্রেম ও দ্রোহের কবি প্রয়াত শহীদ কাদরীর ৭৫তম জন্মদিন উদযাপন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ উপলক্ষে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে ‘তোমায় নতুন করে পাবো বলে’ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুদীর্ঘ ৩২বছরের বেশি সময় যুক্তরাষ্ট্রে প্রবাস জীবনেই গত বছরের ২৮ আগস্ট মারা যান কবি শহীদ কাদরী। ফলে এবারই প্রথম কবির অনুপস্থিতিতে নিউইয়র্কে তার জন্মদিন পালিত হলো।
 
অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অন্যতম সংগঠক ও নাট্যাভিনেত্রী লুতফুন নাহার লতা সূচনা বক্তব্য দেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার আহ্বায়ক মিথুন আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও শংসাবচন  পাঠ করেন। তিনি তার স্বাগত বক্তব্যে বিনম্র শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে কবির লেখা ‘হন্তারকের প্রতি’ অমর কবিতাটির কথা উল্লেখ করেন ও কবিকে শ্রদ্ধা নিবেদন করে শংসাবচন পাঠ করেন।
 
সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন সিনিয়র সাংবাদিক আকবর হায়দার কিরন, ওবায়দুল্লাহ মামুন ও শুভ রায়। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন জোটের অন্যতম সংগঠক মিনহাজ আহমদ। অনুষ্ঠান উপস্থাপনা করেন মিহির মাহবুব রহমান।
 
কবিপুত্র আদনান কাদরী তার পিতা শহীদ কাদরীর জন্মদিন পালন এবং ইতোপূর্বে কবির মৃত্যুর পর পর প্রণতি ও প্রতিধ্বনি আয়োজনের জন্য সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার পিতার পঞ্চম কাব্যগ্রন্থ প্রকাশনার সংবাদে বিস্ময় প্রকাশ করে প্রকাশনার সাথে সংশ্লিষ্টদের স্মরণ করিয়ে দেন যে কবি শহীদ কাদরী শিল্পোত্তীর্ণ ও মানসম্পন্ন কবিতা রচনা নিয়ে অত্যন্ত স্পর্শকাতর দৃষ্টিভঙ্গি পোষণ করতেন। তিনি বলেন,  কবি তাঁর কবিতার শিল্পগুণ ও মানের ব্যাপারে সম্পূর্ণ সন্তুষ্ট না হয়ে কোন কবিতা প্রকাশ করতেন না, সেই কবির কবিতা প্রকাশনার ব্যাপারে সংশ্লিষ্ট প্রকাশকদের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। কবি শহীদ কাদরীর একমাত্র সন্তান হিসেবে তিনি যে তার উত্তরাধিকারী, আদনান কাদরী সেটাও স্মরণ করিয়ে দেন।
 
অনুষ্ঠানে বাংলা ডায়াস্পোরা কবিতা চর্চা বিষয়ে আলোচনা করেন নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ। শহীদ কাদরীকে উৎসর্গ করে স্বরচিত কবিতা পাঠ করেন কবি শামস্ আল মমীন।
 
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, ড. আবেদীন কাদের, লেখক ফেরদৌস সাজেদিন, কবি সৈয়দ জামরুল, লেখক আহমাদ মাযহার, ফোবানার নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান আতিকু রহমান, যুগ্ম নির্বাহী সচিব জাকারিয়া চৌধুরী।
 
অনুষ্ঠানে কবির কবিতা আবৃত্তি করেন ক্রিশ্চিয়ানা রোজারিও, ক্ল্যারা রোজারিও, শরফুজ্জামান মুকুল, ফারুক আজম, শিরীন বকুল, শারমিন রেজা ইভা, আবীর আলমগীর, হিরা চৌধুরী, পারভিন সুলতানা, গোপন সাহা, তাহরিনা পারভিন প্রীতি, শুক্লা রায়, সেমন্তী ওয়াহেদ, এজাজ আলম, বাহাউদ্দীন পিয়াল প্রমুখ।
 
সঙ্গীত পরিবেশন করেন একাত্তরের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, ফকির আলমগীর ও শহীদ হাসান, স্বপ্না কাওসার, অনূপ বড়ুয়া, এমদাদ হক, শাহ মাহবুব, জীবন বিশ্বাস, জলি কর, দিঠী হাসনাত, অর্ঘ্য সারথী।
 
অনুষ্ঠান উপলক্ষে খ্যাতিমান আলোকচিত্রী নাসির আল মামুনের পোট্রেট থেকে জাহেদ শরিফের গ্রাফিক্সে কবি শহীদ কাদরীর প্রতিকৃতি ও শিল্পী নাজিব তারেকের  অলঙ্করণকৃত কবি শহীদ কাদরীর কবিতার প্রিন্ট দিয়ে আনুষ্ঠানস্থলটি  দৃষ্টিনন্দন সাজে সাজানো হয়।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, সাপ্তাহিক বর্ণমালা’র প্রধান সম্পাদক মাফুজুর রহমান, সাপ্তাহিক সন্ধান সম্পাদক সঞ্জীবন কুমার, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি রাশেদ আহমেদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি ফাহিম রেজা নূর, সেক্রেটারি স্বীকৃতি বড়ুয়া, বিশ্বসাহিত্য কেন্দ্রের মাহফুজা হাসান, নাট্যশিল্পী মিলটন আহমেদ, চারুশিল্পী সৈয়দ আজিজুল ইসলাম তারিফ ও আলম টিপু প্রমুখ।
 
ইত্তেফাক/এমআর