পদ্মায় ধসে পড়ছে সিসি ব্লক, হুমকির মুখে লালপুরের ৬ গ্রাম

 
নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীতে তীব্র ভাঙ্গন না থাকলেও পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদীর তীর রক্ষায় নির্মিত সিসি ব্লকের তৈরি নদী ভাঙ্গন রোধ ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। ইতিমধ্যেই প্রায় ৪৫ মিটার এলাকার সিসি ব্লক পদ্মা নদীতে ধসে পড়েছে। অধিকাংশ সিসি ব্লক ধসে নদীতে পড়ার পর নদীর পাড়েও ধস শুরু হয়েছে। 
 
আজ বুধবার সকালে নুরুল্লাপুর ও আকছেদ মোড় এলাকায় ৪টি পয়েন্টে ধস লক্ষ্য করা গেছে। এদিকে পদ্মায় দ্রুত পানি বাড়ার ফলে আতঙ্কে রয়েছে পদ্মাতীরবর্তী ৬টি গ্রামের মানুষ।
 
জানা গেছে, সিসি ব্লকের ধস শুরু হওয়ায় উপজেলার নদী তীরবর্তী পালিদেহা, গৌরীপুর, নুরুল্লাপুর, লক্ষীপুর, তিলকপুর ও নবীনগর গ্রাম হুমকির মুখে পড়ছে। আর এজন্য এলাকার লোকজন নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনকে দায়ী করছেন। তারা বলছেন, নদীর তলদেশ থেকে বালি উত্তোলনের ফলেই সিসি ব্লকের নিচ থেকে মাটি সরে গিয়ে সিসি ব্লক নদীতে ধসে পড়ছে।
 
নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার জানান, পদ্মানদীর লালপুর অংশে নদীর তীর রক্ষা সিসি ব্লকের ৪৫ মিটার ধসে গেছে। তবে তা বড় ধরনের কোনো সমস্যা নয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শুস্ক মৌসুমে নদীর তীরে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিষয়টি তার জানা নেই বলে তিনি জানান।
 
লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম বলেন, সিসি ব্লকের ভাঙ্গন রোধে পানি উপন্নয়ন বোর্ড দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। 
 
ইত্তেফাক/কেকে