অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বুধবার সকাল থেকে বেনাপোলের বিভিন্ন সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। সীমান্তের বিভিন্ন পয়েন্টে বৃদ্ধি করা হয়েছে লোকবল। বন্দর এলাকাসহ স্থল, জল ও রেলপথে নজরদারী বাড়িয়েছে তারা। সীমান্ত এলাকায় টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবির পাশাপাশি ভারত সীমান্তেও সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিএসএফ।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান সীমান্তে অবৈধ প্রবেশ ও চোরাচালান রোধে বিজিবিকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। রাতে সীমান্তে বসবাসরত জনসাধারণের চলাচলের ওপর নজরদারি বাড়ানো হযেছে। যাতে কেউ অবৈধভাবে দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে। ঈদ পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
এদিকে ২১ বিজিবির কমান্ডার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, বুধবার সকাল থেকে বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে কায়বা সীমান্ত পর্যন্ত সাতটি বিওপি ক্যাম্পের সদস্যদেরকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধ করতে বিজিবি সদস্যদেরকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ওমর শরীফ জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীদের ওপরও নজরদারি বৃদ্ধি করা হযেছে। যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে পাসপোর্টে সিল দেয়া হচ্ছে। তা ছাড়া এ পথে যাতায়াতকারী বিদেশি যাত্রীদের প্রতি কড়া নজর রাখা হচ্ছে। ভারতের বনঁগা, হাওড়া ও কলকাতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ও রেলস্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে সেদেশের প্রশাসনও।
ইত্তেফাক/ইউবি