৮দফা দাবীতে বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্তদের বিক্ষোভ

 
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্ত সহস্রাধিক নারী-পুরুষ আট দফা দাবীতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে।
 
বুধবার বেলা ১১টায় বড়পুকুরিয়া বাজারে জীবন পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক মশিউর রহমান বুলবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক লিয়াকত আলী, সম্পাদক মামুনুর রশিদ মামুন ও সাবেক ইউপি সদস্য সাইদুল ইসলাম সুলতান প্রমুখ। 
 
ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের ৮দফা দাবীগুলো হচ্ছে- (১) খনি এলাকার অধিগ্রহণকৃত ঘর-বাড়ি ও জমির বাইরে নতুন করে ক্ষতিগ্রস্ত হওয়া গ্রামবাসীদের ক্ষতিপূরণ দিতে হবে। (২) বড়পুকুরিয়া-খয়েরপুকুরহাট চলাচলের অযোগ্য সড়ক পুনর্নির্মাণ ও স্থায়ী বিকল্প সড়ক নির্মাণ করতে হবে। (৩) ক্ষতিগ্রস্ত পরিবারের বেকার সদস্যদের কয়লা খনিতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। (৪) ভূগর্ভস্থ পানির স্তন নিচে নেমে যাওয়া এলাকায় গভীর নলকূপ বসিয়ে পানীয় জলের ব্যবস্থা করতে হবে। (৫) আন্দোলনকারী নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। (৬) সি,এস,আর তহবিলের টাকা ক্ষতিগ্রস্ত এলাকাবাসী ও শ্রমিকদের মাঝে ব্যয় করতে হবে। (৭) স্থানীয় ইউনিয়ন পরিষদের ট্যাক্স ও রয়্যালিটি যথা নিয়মে প্রদান করতে হবে এবং (৮) দক্ষিণ পলাশবাড়ীতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এলাকায় মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, ড্রেন ও অন্যান্য সমস্যা দূর করতে হবে।
 
এসব দাবীর ব্যাপারে খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাবিব উদ্দীন আহম্মেদ বলেন, খনির কারণে প্রকৃতপক্ষে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ইতিমধ্যে তাদের মাঝে ক্ষতিপূরণের অর্থ বিতরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান