মুকসুদপুরে ৫০ লাখ টাকা মূল্যের তক্ষক উদ্ধার

 
গোপালগঞ্জের মুকসুদপুর থেকে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের একটি তক্ষক উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ। মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে উপজেলার বাটিকামারী গ্রামের শাজাহান খন্দকারের বাড়ি থেকে তক্ষকটি উদ্ধার করা হয়েছে।
 
জানা গেছে, স্থানীয় শাজাহান খন্দকারের ভাগিনা আসলাম মিয়া তক্ষকটি আটক করে রাখে। খবর পেয়ে কয়েক জন তক্ষক ব্যবসায়ী আসলামকে তক্ষক বিক্রির প্রস্তাব দেয় প্রথমে নগদ দুই লাখ টাকা পরে ২৫ লাখ টাকা দেওয়ার। কিন্তু সে প্রস্তাব উপেক্ষা করে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার আবু নইম মো. মারুফ খানকে জানালে বুধবার সকালে বন বিভাগের কর্মকর্তারা ওই বাড়ি থেকে তক্ষকটি উদ্ধার করে।
 
এ বিষয়ে মুকসুদপুর উপজেলা বন বিভাগের কর্মকর্তা তাপস কুমার সেন জানায়, তক্ষকটি উদ্ধারের পর গোপালগঞ্জ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে তারা তক্ষকটিকে বনে অবমুক্ত করবেন বলে জানান। এলাকাবাসী জানায়, এ ধরনের প্রাণী এখন আর সচরাচর দেখা যায় না। তক্ষকটির মূল্য প্রায় ৫০ লাখ টাকা হবে।
 
ইত্তেফাক/জামান