এলাকার রাস্তা নিজেরাই সংস্কার করল স্কুলের ছাত্র-ছাত্রীরা


প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার রাস্তাটিতে অন্তত ৩ জায়গায় ভেঙে গভীর গর্ত তৈরি হয়েছিল। এতে স্কুলে যেতে কষ্ট হতো ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের। ওই এলাকার কয়েক হাজার মানুষের যাতায়াতের রাস্তাও এটি।

রাস্তার মাঝের গর্তে অটো-রিকশা, ভ্যান-রিকশার চাকা বসে গিয়ে মাঝে মধ্যেই দুর্ভোগে পড়তে হয় গ্রামবাসী ও স্কুলের ছাত্র-ছাত্রীদের। এ অবস্থায় নিজেদের স্কুলের রাস্তার ভাঙা অংশগুলো নিজেরাই সংস্কার করলো সদরের হাজিপুর ইউনিয়নের নড়িহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা।

সাইকেলের ক্যারিয়ারে ও ঝুড়িতে করে এলাকা থেকে ইটের টুকরো আনা হয়। রাস্তার পাশ থেকে মাটি কেটে ঝুড়িতে করে নিয়ে আসছে ছেলে-মেয়েরা। রাস্তার পাশে ভাঙা অংশে বাঁশের টুকরো দিয়ে বেঁধে ভেতরে ইট, মাটি ও বালি দিয়ে সংস্কার করা হয়েছে ওই স্থানটি। এতে সন্তোষ প্রকাশ করেন ওই এলাকার জনগণ ও ছাত্র-ছাত্রীরা।

সড়কের সংস্কার কাজে অংশগ্রহণকারী ৫ম শ্রেণির ছাত্রী আফসানা মিম জানায়, স্কুলে আসার পথে এ ভাঙা জায়গায় এসে খুব কষ্ট হতো। স্কুলের বন্ধুরা মিলে কাজ করে ভাঙাগুলো বন্ধ করেছি। ঝুড়িতে লেগে পায়ে সামান্য ছুলে গেছে; কিন্তু এ কাজ করতে পেরে খুব আনন্দ হচ্ছে।

এ কাজের সাথে জড়িত আবু বক্কার, হামিদুল, মুন্না, ইয়াসিন, বীথি, নিশি, আয়শা, রাবেয়া, উর্মি, মারুফা, সাইদ, কলিমুল্লাহ, সুরাইয়াসহ শিশুরা জানায়, নিজেদের স্কুলের রাস্তায় নিজেরা কাজ করতে পেরে খুব ভাল লাগছে।

নড়িহাটি স্কুলের শিক্ষক মোয়াল্লেম হোসেন, ইতিকা বিশ্বাস, অভিভাবক আব্দুল কুদ্দুসসহ একাধিক ব্যক্তি জানান, স্কুলের শিশুরা এলাকার উন্নয়নের জন্য কাজ করছে। এর মাধ্যমে তারা সমাজসেবা ও স্বেচ্ছাশ্রমের শিক্ষা পাচ্ছে।

ইত্তেফাক/নূহু