প্রভাবশালীরা উল্টোপথে গাড়ি চালাতে চায়। উল্টোপথে গাড়ি চালালেই আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে উল্টোপথে গাড়ি চালানোর চেষ্টাকারী যত প্রভাবশালীই হউক, তা আমলে নেওয়া হবে না। উল্টোপথে গাড়ি চলা প্রতিরোধে সংসদীয় কমিটিও কঠোর হওয়ার সুপারিশ করেছে। বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ‘শব্দ দূষণ ও হাইড্রলিক হর্ন বন্ধে করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন।
কয়েকদিন আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্পষ্টভাবেই বলেছেন, কোনো মন্ত্রী-এমপির গাড়িও উল্টোপথে চলতে পারবে না। যদি আইন অমান্য করে, তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন তিনি।
উল্টোপথে গাড়ি চলাচলে বাধা দিলে পুলিশকেও নাজেহাল হতে হয়। পুলিশের কঠোর অবস্থানের পরও এখনো মাঝে মধ্যেই উল্টোপথে গাড়ি চলাচল নিয়ে পুলিশকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তথাকথিত প্রভাবশালী মহল এখনো উল্টোপথে গাড়ি চালাতে চায়। এতে বাধা দিলে পুলিশকে নাজেহাল হতে হয়। তারপরেও অনেক কিছুরই তোয়াক্কা না করে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। উল্টোপথে গাড়ি চালালে, ট্রাফিক আইন ভঙ্গ করলে, সিগন্যাল অমান্য করলে, অবৈধ পার্কিং করলে তার বিরুদ্ধে যানজট নিরসনে ঢাকা মহানগরীর সবার স্বার্থে পুলিশ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।
ইত্তেফাক/এমআর