পটুয়াখালীর বাউফলে জমাজমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়ে সন্তান হাফেজা আক্তার তিশাকে (১৩) পানিতে চুবিয়ে হত্যা করার অভিযোগ ওঠেছে এক বাবার বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার দাসপাড়া ইউনিয়নের দক্ষিণ খেজুরবাড়ীয়া গ্রামে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, ওই গ্রামের হানিফ হাওলাদার (৪৫) এর সঙ্গে একই গ্রামের আপন ভঙ্গিপতি নুরু হাওলাদারের দীর্ঘদিন ধরে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন তিশাকে ঘরের মধ্যে একটি পানি ভর্তি ড্রামে ফেলে দিয়ে চুবিয়ে হত্যার চেষ্টা করে হানিফ। তিশার চিৎকারে মা লামিয়া আক্তার সাথি এগিয়ে আসলে তাকে ধমকিয়ে প্রতিপক্ষকে ফাঁসাবার কথাবলে স্ত্রীকে সারিয়ে দেন। এক পর্যায়ে তিশা অসুস্থ হয়ে পড়ে। রাতের বেলা তিশার মা রান্নার কাজে ব্যস্ত থাকায় বাবা তাকে (তিশাকে) নিয়ে ঘরের মেঝেতে ঘুমিয়ে থাকে। রান্না শেষে মা মেয়ের কাছে এসে দেখতে পান তিশা বেঁচে নেই। রাতেই বাউফল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর থেকে বাবা হানিফ পলাতক রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় তিশার মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। উল্লেখ্য, স্বামীর ঢাকাতে আরও এক স্ত্রী ও সন্তান রয়েছে। এলাকাবাসী জানায়, হানিফ বর্তমানে ক্ষমতাসীন দলের ছত্র ছায়ায় ঢাকাতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।
ইত্তেফাক/জামান