হামলার অভিযোগে মামলা বিপাকে আছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাউরিয়া গ্রামের মোসলেম শরীফ। তিনি ভোলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুব আলমের বাবা।
জানা গেছে, পারিবারিক বিরোধে পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাউরিয়া গ্রামের মোসলেম শরীফকে গত ১৭ জুলাই লাঞ্ছিত করেন একই গ্রামের রাজা মিয়া।
এ ঘটনা স্থানীয়ভাবে মিমাংসা না হওয়ায় ৩১ জুলাই রাজা মিয়ার বিরুদ্ধে গলাচিপা থানায় জিডি করেন মোসলেম শরীফ। জিডি করায় ক্ষিপ্ত হয়ে ১ আগস্ট মোসলেম শরীফের উপর হামলা করে রাজা মিয়ার ছেলে আবদুল জলিল। এ ঘটনায় মোসলেম শরীফ বাদী হয়ে আবদুল জলিলসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর আবদুল জলিলের লোকজন ক্রমাগত মোসলেম শরীফের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে মোসলেম শরীফের ছেলে ভোলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুব আলম বলেন, ‘আমার বাবার ওপর হামলার অভিযোগে মামলা করে বিপাকে আছি। আমার পরিবারের সদস্যদের আসামিপক্ষ ক্রমাগত হুমকি দিচ্ছে। হুমকির বিষয় আমি পুলিশকে জানিয়েছি।’
ইত্তেফাক/ইউবি