হু হু করে বাড়ছে পদ্মা নদীর পানি। কুষ্টিয়ায় এই নদীর পানি একেবারে বিপৎসীমার কাছাকাছি চলে এসেছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ভেড়ামারার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ২৭ সেন্টিমিটার বেড়ে বিপদসীমা ছুঁই ছুঁই।
এভাবে পানি বৃদ্ধি হতে থাকলে আগামী ৩৬ ঘণ্টার মধ্যে পানি বিপৎসীমা অতিক্রম করবে। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে। পদ্মার পানি বৃদ্ধির ধারা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানান পাউবোর কর্মকর্তারা। তারপরও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে আছে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডেও কর্মকর্তারা।
পানি উন্নয়ন বোর্ড সূত্র বলছে, পদ্মায় বিপৎসীমার মাত্রা ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার। সেখানে মঙ্গলবার পানি ছিল ১৩ দশমিক ২০ সেন্টি মিটার। বুধবার বিকাল পর্যন্ত পানি বেড়ে হয়েছে ১৩ দশমিক ৪৭ সেন্টি মিটার। বর্তমানে বিপদসীমার মাত্র শূন্য দশমিক ৭৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে পদ্মার পানি। দিন-রাত আতঙ্কে রয়েছেন নদীর তীরবর্তী মানুষ।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলাম বলেন, দেশের বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনা এবং তিস্তার পানি প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। উজানের পানি আসায় পদ্মার পানি বাড়ছে।
ইত্তেফাক/জামান