গোবিন্দগঞ্জে করতোয়া বাঁধে ধ্বস, এক কিশোরীর মৃত্যু

বন্যার পানির প্রবল চাপে বৃহস্পতিবার রাত ৮দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকায় করতোয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১০০ মিটার ধ্বসে যায়। বাঁধ ভেঙে পানি উপজেলার বিস্তির্ণ এলাকায় প্রবেশ করা শুরু করে।  

এদিকে আজ সন্ধ্যায় পলাশবাড়ীতে বন্যার পানিতে ডুবে স্মৃতি আকতার (১৫) নামে এক কিশোরী মারা গেছে। এ নিয়ে গাইবান্ধায় বন্যার পানিতে ডুবে ৫ জন মারা গেল।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহাবুবুর রহমান জানান, খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় প্রশাসন, এলাকাবাসী ও সেনা সদস্যদের মিলিত চেষ্টায় রাত সোয়া এগারোটার দিকে বাঁধ মেরামত করা হয়েছে।

এর আগে গত বুধবার মধ্যরাতে সাদুল্লাপুরের পুরাণ লক্ষীপুর দ্বীপ ও শালাইপুর এলাকায় ঘাঘট নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ১০ গ্রাম ও কয়েক হাজার বিঘা ফসলি জমি প্লাবিত হয়ে পড়ে।

গত সোম ও মঙ্গলবার করতোয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গোবিন্দগঞ্জের হাতিয়াদহ, বিশ্বনাথপুর, দূর্গাপুর-বিশ্বনাপুর কাঁচা রাস্তা, পলাশবাড়ীর কিশামত চেরেঙ্গা, টোংরারদহ এলাকায় এবং সাঘাটার ভাঙ্গামোড় গ্রামে যমুনা নদীর নীলকুঠি সানকিভাঙ্গা ক্রস বাঁধ ভেঙ্গে গিয়ে অর্ধশতাধিক গ্রাম বন্যার পানিতে ডুবে গেছে।

প্রসঙ্গত... ব্রহ্মপুত্র নদীর পানি গত ২৪ ঘন্টায় ১০ সে.মি. কমে বিপদসীমার ৯০ সে.মি. ও ঘাঘট নদীর পানি ৭ সে.মি. কমে বিপদসীমার ৭৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে করতোয়া নদীর পানি এসময় ৩ সে.মি. বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার সাত উপজেলায় ৩ লাখ মানুষ পানিবন্দী মানুষ মানবেতর জীবন যাপন করছে। গোটা জেলায় আগামী ১৯ আগষ্ট থেকে অনুষ্ঠিতব্য প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

ইত্তেফাক/নূহু