সামাজিক-অর্থনৈতিক চিন্তাবিদ ছিলেন রবীন্দ্রনাথ: ড. আতিউর

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি, উপন্যাসিক কিংবা শিল্পী ছিলেন না তিনি একই সঙ্গে টেকসই উন্নয়নের বিষয়ে অসামান্য সামাজিক-অর্থনৈতিক চিন্তাবিদ ছিলেন। বিংশ শতাব্দীর শুরুতে রবীন্দ্রনাথ লিখেছেন ‘কাউকে পেছনে রাখা উচিৎ নয়’। এখন আমরা জানি এ কথাটাই এসডিজির মূলনীতিই। সে দৃষ্টিকোণ থেকে এসডিজি ধারণার একজন অগ্রদূত রবীন্দ্রনাথ ঠাকুর।
 
বিশ্বভারতীর লিপিকা মিলনায়তনে ‘ভিশন অব টগর অন কোঅপারেটিভ সোসাইটি ও কমিউনিটি ডেভেলপমেন্ট’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কৃষকদের নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা নিয়েও ড. রহমান বিশেষ বক্তৃতা করেন।
 
ড. আতিউর রহমান বলেন, রবীন্দ্রনাথ কৃষকদের স্বাধীনতার পক্ষে ছিলেন। জমিদারি ব্যবসা থেকে অর্থ উপার্জনের জন্য লজ্জিত বোধ করতেন। শুধু তাই নয় রবীন্দ্রনাথ উন্নয়নকে একটি প্রক্রিয়ার সঙ্গে তুলনা করেন যার মধ্যদিয়ে মানুষ হতাশা থেকে বেরিয়ে আসে। বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদনের পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারে।
 
IMG0
 
ড. আতিউর রহমান রবীন্দ্রনাথের জীবনের বিভিন্ন দিক নিয়ে এসময় আলোচনা করেন। সামাজিক ও টেকসই উন্নয়নের জন্য রবীন্দ্রনাথের জীবন ও বানী থেকে প্রেরণা লাভ সম্ভব বলে মত ব্যক্ত করেন দেশের বিশিষ্ট এই অর্থনীতিবিদ।
 
সম্মেলনে বিশ্ব ভারতীর উপাচার্য অধ্যাপক স্বপন কুমাড় দত্ত সভাপতিত্ব করেন। দেশবিদেশের বরেণ্য আলোচক, শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/রেজা