মিরপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রীর সন্ধান ৮ দিনেও মেলেনি

রাজধানীর মিরপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী মোছা. লিয়া আক্তারের (১০)  সন্ধান আটদিনেও মেলেনি।  
 
সে পল্লবী থানার মান্নান স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী এবং ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের পূর্বগালিগাঁও গ্রামের আব্দুল করিমের মেয়ে। লিয়া পরিবারের সঙ্গে পল্লবীর ১১ নম্বর সেকশনের ১২ নম্বর রোডের ৮ নম্বর বাসায় বসবাস করতো। এ ঘটনায় পল্লবী থানায় গত সোমবার লিয়ার মা মোছা. শিউলী একটি জিডি করেছেন। 
 
জিডিতে বলা হয়, গত ১২ আগস্ট বিকেল ৩টার দিকে লিয়া বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। মিরপুরের বিভিন্ন এলাকাসহ আত্মীয় স্বজনের বাসায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল খয়েরি জামা, সাদা হিজাব ও সাদা পায়জামা। 
IMG0
এ ব্যাপারে লিয়ার বাবা আব্দুল করিম ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘আমাদের সঙ্গে কারো শত্রুতা নেই। আমার মেয়েকে অপহরণ করা হয়েছে নাকি হারিয়ে গেছে তা বলতে পারছি না। মেয়েটি হারানোর শোকে তার  মা পাগলপ্রায়।’
 
এ বিষয়ে পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) দিদার হোসেন ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছি। ইতোমধ্যে বিভিন্ন থানায় মেয়েটির তথ্যগুলো পাঠিয়ে দেয়া হয়েছে। ’
 
ইত্তেফাক/ইউবি