সুইজারল্যান্ডে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশনের উদ্যোগে ১৯ আগস্ট শনিবার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। প্রখ্যাত 'ইউনিভার্সিটি হাসপাতাল জেনেভা'র সহযোগিতায় এ কর্মসূচিতে মিশনের কর্মকর্তা-কর্মচারী ও সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করে।
জেনেভাস্থ জাতিসংঘ কার্যালয় ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি এবং সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশর রাষ্ট্রদূত মো. শামীম আহসান এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় রাষ্ট্রদূত বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানবতার মুক্তি ও কল্যাণ এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার জীবন উৎসর্গ করে গেছেন। এসময় জাতীয় শোক দিবসে বাংলাদেশ স্থায়ী মিশনে প্রথমবারের মতো আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ধন্যবাদ দেন রাষ্ট্রদূত।
ইত্তেফাক/জামান