স্যার ইয়ান বোথামকে সরিয়ে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকার দ্বিতীয় স্থানে নাম লেখালেন দেশটির ডান-হাতি পেসার স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের প্রথম দিবা-রাত্রির টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ৫ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসেন ব্রড।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামার আগে ব্রডের পরিসংখ্যান ছিলো, ১০৬ টেস্টে ৩৭৯ উইকেট। ক্যারিবীদের বিপক্ষে দুই ইনিংসে বল হাতে ৫ উইকেট নিয়ে নিজের ক্যারিয়ারে উইকেট সংখ্যা ৩৮৪তে নিয়ে যাওয়া ব্রড পেছনে ফেললেন স্যার বোথামকে।
১৫ বছরের ক্রিকেট জীবনে ১০২ টেস্টে ৩৮৩ উইকেট শিকার এত দিন দ্বিতীয় স্থানে ছিলেন বোথাম। এই তালিকায় সবার উপরে রয়েছেন ইংল্যান্ডের বর্তমান দলের আরেক গুরুত্বপূর্ণ পেসার জেমস এন্ডারসন। ১২৭ টেস্টে এন্ডারসনের উইকেট শিকার ৪৯২টি।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট নিয়ে সবার উপরে আছেন শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরন। ১৩৩ টেস্টে ৮০০ উইকেট নিয়েছেন ২০১১ সালে ক্রিকেটকে বিদায় বলা মুরালি। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার স্পিন কিং শেন ওয়ার্ন। তার উইকেট সংখ্যা ৭০৮।বাসস।
ইত্তেফাক/রেজা