নভোএয়ারের সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের চুক্তি সই

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ায়ের সঙ্গে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের  একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার রাজধানীতে দি প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
 
নভোএয়ার এর হেড অব মার্কেটিং এন্ড সেলস মেজবাউল ইসলাম ও দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মামুন রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
 
চুক্তি অনুযায়ী, দি প্রিমিয়ার ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা ৬ মাসের সহজ মাসিক কিস্তিতে নভোএয়ার এর বিভিন্ন প্যাকেজে ভ্রমণের সুবিধা পাবেন।
 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এর হেড অব সেলস সৈয়দ মনোয়ারুল ইসলাম, নভোএয়ার এর সিনিয়র ম্যানেজার মার্কেটিং এন্ড সেলস একেএম মাহফুজুল আলমসহ নভোএয়ার ও দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রমণ পিপাসুরা নভোএয়ার-এ ফ্লাইট ও হোটেল ভাড়াসহ কক্সবাজারে প্রতি জন সর্বনিম্ন ১,৮১৮ টাকা ও কলকাতায় সর্বনিম্ন ২,৭৭৭ টাকার মাসিক কিস্তিতে প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।
 
নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর ও কলকাতা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।
 
ইত্তেফাক/ইউবি