জাপান বাংলাদেশ ফাউন্ডেশন ও টেকনিকেল ইনস্টিটিউটের নামফলক উন্মোচন

জাপান, বাংলাদেশের অকৃত্রিম এক বন্ধু রাষ্ট্র। ১৯৭২ সালের ১১ ফেব্রুয়ারি থেকে স্বাধীন বাংলাদেশের সঙ্গে সঙ্গে জাপানের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলেও বাঙালিদের সঙ্গে জাপানিদের সম্পর্ক শতাব্দী প্রাচীন। 
 
জাপানকে ঐতিহাসিকভাবে বাঙালিরা বন্ধু রাষ্ট্র মনে করে। বাংলাদেশ ও জাপানের পতাকার মধ্যেকার সামঞ্জস্যই বাঙালি-জাপানিজ সম্পর্ক পরিস্কার ধারনা দেয়। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ঢাকার দি ওয়েস্টিন হোটেলে ‘জাপান বাংলাদেশ ফাউন্ডেশন’ নামক একটি সংস্থা এবং ‘জাপান বাংলাদেশ টেকনিক্যাল ইন্সটিটিউট’ নামে তারই অধিভুক্ত একটি প্রতিষ্ঠানের নামফলক উন্মোচিত হয়। 
 
নামফলকটির উন্মোচন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং জাপান সরকারের সংসদ সদস্য ফুজিমারু সাতোশি। 
 
এ সময় উপস্থিত ছিলেন জাপান বাংলাদেশ ফাউন্ডেশন এবং বঙ্গবন্ধু পরিষদ জাপান শাখার সভাপতি শেখ এমদাদ হোসেন, সংস্থাটির সাধারণ সম্পাদক সেলিম আহামেদ, কোষাধ্যক্ষ শওকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব খান প্রমুখ। 
 
জাপান বাংলাদেশ ফাউন্ডেশন সমাজের উন্নয়ন ও সেবার লক্ষ্যে কাজ করে যাবে বলে জাপান সরকারের সাংসদ ফুজিমারু সাতোশি আশা ব্যক্ত করেন।
 
অপরদিকে মাহবুবুল আলম হানিফ বলেন, টেকনিক্যাল ইন্সটিটিউটটি বর্তমানের যুবসমাজকে কর্মক্ষম করে তুলতে যেমন সহায়ক হতে পারে তেমনই সমাজের বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখতে পারে।
 
ইত্তেফাক/ইউবি