প্রাভার ফ্যামিলি হেলথ সেন্টারের উদ্বোধন

রাজধানীর বনানীতে প্রাভা হেলথের প্রথম ফ্যামিলি হেলথ সেন্টারের উদ্বোধন করা হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাভার প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সিলভানা কিউ. এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি।
 
এছাড়াও, অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, অ্যাকমি ল্যাবরেটরিজের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. জাবিল রহমান সিনহা, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি ওয়ার্নার এবং টুইটারের সাবেক প্রধান বিজ্ঞানী ড. আবদুর চৌধুরী।
 
অনুষ্ঠানে জাবিল রহমান সিনহা বলেন, ‘সঠিক ও পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পাওয়া মানুষ হিসেবে আমাদের মৌলিক অধিকার। প্রতিটি রোগীর যত্ন ও সম্মানের সাথে চিকিত্সা পাওয়ার অধিকার রয়েছে। আমার নিজের অভিজ্ঞতাই আমাকে এমন একটি ফ্যামিলি হেলথ সেন্টারের চিন্তা করতে বাধ্য করেছে যেখানে চিকিত্সক ও রোগীর মধ্যে পেশাদারিত্ব, দক্ষতা ও আস্থার সম্পর্ক থাকবে। মুষ্টিমেয়’র জন্য বিলাসবহুলতা নয়, প্রত্যেক নাগরিকেরই এটা অধিকার। কৃত্রিম অভিজ্ঞতা, স্মার্ট ডিজাইন ও বায়োটেকনোলজির ওপর গড়ে উঠবে ভবিষ্যতের স্বাস্থ্যসেবা।
 
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বাংলাদেশ ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। প্রাভাসহ যেসব উদ্যোক্তা স্বাস্থ্যখাতে নতুন প্রযুক্তি নিয়ে আসছে আমি তাদের ধন্যবাদ জানাই। এছাড়াও, বাংলাদেশ অন্তর্ভুক্তির দিকে যাচ্ছে। এক্ষেত্রে, নারী নেতৃত্বে প্রাভা যে অনন্য নজির স্থাপন করেছে এটা দেখে আমি অত্যন্ত আনন্দিত। প্রাভা যুক্তরাষ্ট্র ও দেশের বাইরে ডাক্তারদের যুক্ত করেছে। আমি তাদের এ উদ্যোগ নিয়ে বিশেষভাবে রোমাঞ্চিত।’
 
সোনিয়া বশির কবির তার বক্তব্যে বলেন, ‘স্বাস্থ্যখাতে প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশ পিছিয়ে রয়েছে। এটা খুবই আশাব্যঞ্জক যে নারী নেতৃত্বাধীন স্টার্টআপগুলো রোগীর অভিজ্ঞতাকে ইতিবাচকভাবে রূপান্তরিত করতে স্বাস্থ্যসেবায় প্রযুক্তি ব্যবহার করছে। প্রাভার রোগীরা তাদের মেডিকেল রেকর্ড দেখতে পাবে এবং ডাউনলোড করতে পারবে। পাশাপাশি, ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারবে। এমনকি তাদের স্ক্যান রিপোর্টগুলো বিশ্বজুড়েই রেডিওলজিস্টরা পর্যালোচনা করবেন।’

ইত্তেফাক/এএম।