রাজধানীর কামরাঙ্গীরচরে বন্ধ ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে খাটের উপর পড়ে ছিল স্ত্রীর লাশ। আর ফ্যানের সঙ্গে ঝুঁলন্ত অবস্থায় ছিল স্বামী।
পুলিশের ধারণা স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে! তাদের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে থানা পুলিশ। নিহতরা হলেন, জুয়েল মিয়া (২১) ও তার স্ত্রী রিক্তা আক্তার (১৮)।
কামরাঙ্গীরচর থানার ওসি মো. শাহিন ফকির ইত্তেফাককে বলেন, রনি মার্কেট নামের একটি বিপণী বিতানের পাশে হানিফ মিয়ার টিনশেড বাড়ির একটি কক্ষে ফ্যানে ঝুলন্ত মো. জুয়েলের এবং খাটের ওপর তার স্ত্রী রিক্তা আক্তারের লাশ পাওয়া যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে লাশ দুটি উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রতিবেশীদের বরাত দিয়ে ওসি বলেন, তাদের দুই বছরের বিবাহিত জীবন। দেড় মাস আগে তারা বাসাটি ভাড়া নিয়েছিলেন। দু’জনই ওই এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাদের গ্রামের বাড়ি ফরিদপুরের নগরকান্দার ফদা গ্রামে।
ইত্তেফাক/ইউবি